এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ দুই দিন পিছিয়েছে

Published: October 27, 2026, 11:23 am

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আগে বৃহস্পতিবার ফল প্রকাশের সিদ্ধান্ত থাকলেও তা পরিবর্তন করে আগামী শনিবার নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ডের আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শিক্ষা বোর্ডগুলো ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল, যার প্রেক্ষিতে ২৯ অক্টোবর বৃহস্পতিবার ফল প্রকাশের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত করেছিল।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশনা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর শেষ হয়।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সারাদেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা শিক্ষা বোর্ডে, যেখানে ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী ৩১০টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ জন এবং কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এছাড়া ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭৩ হাজার ৩৭ জন, সিলেটে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশালে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী ছিল। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy