ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ডাকা ধর্মঘটের কারণে দিনভর চিকিৎসা সেবা ও জরুরি পরিবহন ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। মঙ্গলবার দিনব্যাপী এই ধর্মঘটের ফলে অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হয়েছেন রোগী ও তাদের স্বজনরা। মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া কিংবা গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রে সৃষ্টি হয়েছে তীব্র মানবিক সংকট।
হাসপাতালের জরুরি বিভাগের গেট, কলেজ গেট ও নতুন ভবনসহ আশপাশের এলাকায় অ্যাম্বুলেন্স থাকলেও অনেক চালকই রোগী পরিবহন করতে রাজি হননি। অভিযোগ রয়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত ধর্মঘটে অংশ নেয়া মালিক সমিতির অ্যাম্বুলেন্স এবং অন্যান্য অ্যাম্বুলেন্সগুলোকেও হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। এমনকি সরকারি অ্যাম্বুলেন্সগুলোকেও খুব একটা রোগী পরিবহন করতে দেখা যায়নি।
দীর্ঘ সময় অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না পাওয়ায় রোগী ও স্বজনরা দিশেহারা হয়ে পড়েন। ভুক্তভোগীদের কেউ চার থেকে পাঁচ ঘণ্টা, আবার কেউ সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেছেন। শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সের দেখা না পেয়ে বাধ্য হয়ে পিকআপ ভ্যান, রিকশা, ভ্যান কিংবা সিএনজিচালিত অটোরিকশার মতো বিকল্প যানবাহনে করেই মরদেহ ও গুরুতর অসুস্থ রোগীদের গন্তব্যে নিয়ে যেতে হয়েছে। বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসা রোগী এবং স্বজন হারানো পরিবারগুলো সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।





