জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষেই ছিলাম: আদালতে দাবি পলকের

Published: October 26, 2026, 12:57 pm

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাই মাসে সংঘটিত ছাত্র আন্দোলনের সময় কোটা বিরোধী শিক্ষার্থীদের পক্ষেই ছিলেন বলে দাবি করেছেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। সোমবার দুপুরে ঢাকার একটি আদালতে মোহাম্মদপুর থানায় দায়ের করা ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলার শুনানি শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই দাবি করেন।

আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, সংশ্লিষ্ট মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) জুনাইদ আহমেদ পলকের নাম ছিল না। তিনি এ মামলায় সম্পূর্ণ নির্দোষ এবং জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় কোটা বিরোধী শিক্ষার্থীদের পক্ষেই তিনি অবস্থান নিয়েছিলেন বলে দাবি করেন তার আইনজীবী।

এর আগে, ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আদালতকে উদ্দেশ্য করে বলেন, ‘অবশ্যই নির্দোষ এবং আমরা নিরপরাধ, আমাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার চাই।’

শুনানি শেষে আদালত শেখ হাসিনাসহ মোট ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাটির পরবর্তী কার্যক্রম হিসেবে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy