ক্রসফায়ার প্রয়োজন হলে সরকার অনুমতি দিলে করব: আইজিপি

Published: October 26, 2026, 10:00 am

পুলিশ প্রধান (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, আইন ও সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা প্রয়োজন, পুলিশ সেটাই করবে। সোমবার রাজধানীর চকবাজারের ওয়াটার ওয়ার্কার্স রোডের শাহজাহান ইমাম টাওয়ারে 'কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম' উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

ক্রসফায়ার প্রসঙ্গে আইজিপি বলেন, 'ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেইটা করব।' তিনি আরও বলেন, কে আসবে বা আপা কবে আসবে, সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখার বিষয় নয়।

পুলিশের কাজের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, 'আমরা (পুলিশ) যদি লাঠিপেটা করি, বলবেন আমরা ফ্যাসিস্ট পুলিশ। আর আমরা যদি নীরবে থাকি, তাহলে বলবেন দুর্বল পুলিশ। আমাকে তো কাজ করার পরিবেশ দিতে হবে। এমপাওয়ার করতে হবে।' তিনি আরও বলেন, শান্তিতে বসবাস করতে হলে পুলিশের কোনো বিকল্প নেই। সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী দেশ রক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার কাজ করলেও অভ্যন্তরীণ শৃঙ্খলা, শান্তি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য পুলিশের সাথে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি পুলিশকে ব্ল্যাকমেইল না করার জন্যও সবার প্রতি আহ্বান জানান।

শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক এজেন্ডার সীমাবদ্ধতা তুলে ধরে আলী হোসেন ফকির বলেন, সব দল ও মতের মানুষের নির্বাচন এজেন্ডায় শান্তি থাকলেও শেষ পর্যন্ত দেখা যায়, শালিস মানলেও তালগাছটা নিজেদেরই দাবি করা হয়। এমন মানসিকতা থাকলে সমাজ সুখী ও সমৃদ্ধ হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin