জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ কষ্টিপাথরসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত কালো কষ্টিপাথরটির ওজন ২১৫ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা বলে জানিয়েছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে উপজেলার খামারপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ চক্র পাথরটি পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা পাথরটি উদ্ধার করেন। এ সময় শ্রী কৃষ্ণ (৩৪) নামের একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ওই গ্রামের মৃত শ্রী ভবেন্দ্র কৃষ্ণের ছেলে।
অভিযান শেষে আটককৃত শ্রী কৃষ্ণকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, উদ্ধার করা কষ্টিপাথরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।





