দেশের তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব আফরোজা আক্তার রিবা প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন।
নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে জনতা ব্যাংক পিএলসির এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বেসিক ব্যাংক পিএলসির এমডি ও সিইও পদে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নুরুল হুদা এবং অগ্রণী ব্যাংক পিএলসির এমডি ও সিইও হয়েছেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নূর মোহাম্মদ। নিয়োগপ্রাপ্ত এই তিন কর্মকর্তা নিজ নিজ ব্যাংকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
একই দিনে সরকার সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের সিদ্ধান্তটি প্রত্যাহার করেছে। গত ১৯ অক্টোবর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রজ্ঞাপনে তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল, যা নতুন আদেশের মাধ্যমে বাতিল করা হলো।
নতুন নিয়োগ পাওয়া এবং বহাল থাকা কর্মকর্তাদের বিষয়ে 'ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১'-এর বিধান অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে।





