দেশের সার্বিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের বৈষম্যের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পার হওয়ার পরও প্রতি বছর দেশ থেকে অসংখ্য গ্র্যাজুয়েট বের হচ্ছেন। অথচ দেশের বিভিন্ন কৌশলগত স্থাপনা, মেগা প্রকল্প, বন্দর, বিশেষায়িত প্রতিষ্ঠান এবং বেসরকারি শিল্প-প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিদেশ থেকে দক্ষ কর্মী এনে পদায়ন করতে হচ্ছে। দেশীয় গ্র্যাজুয়েটদের এই চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য করে গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন রাষ্ট্রপতি।
প্রতিনিধিদলের পক্ষ থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান প্রতিষ্ঠানের সার্বিক একাডেমিক অগ্রগতি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তিনি জানান, তাদের বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পেটেন্ট উন্নয়ন বিভাগ রয়েছে, যা গবেষকদের উদ্ভাবন সুরক্ষা ও বাণিজ্যিকীকরণে সহায়তা করে। এছাড়া প্রডাকশন অ্যান্ড মাল্টিমিডিয়া, নিউট্রিশন, ফিশারিজ এবং আইসিসহ বিভিন্ন কর্মমুখী ও বাস্তবভিত্তিক শিক্ষা চালুর ফলে প্রতিষ্ঠানটি বিশ্ব র্যাংকিংয়ে ধারাবাহিক উন্নতি করছে।
বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার প্রশংসায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি শিক্ষার উচ্চমান সমুন্নত রাখার নির্দেশনা প্রদান করেন। এ সময় ড. মো. সবুর খান বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রাস্টি বোর্ডের সদস্য, ডিন ও রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।





