রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: নির্ধারিত সময়ে জমা হয়নি তদন্ত প্রতিবেদন

Published: October 8, 2026, 5:18 pm

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর শাখা ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েনি। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রতিবেদনটি প্রক্রিয়াধীন ছিল বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

উপাচার্য জানান, প্রশাসন সার্বক্ষণিক তদন্ত কমিটির সঙ্গে যোগাযোগ রাখছে। তিনি বলেন, প্রতিবেদনটি জমা হতে মধ্যরাত বা শেষ রাত পর্যন্ত গড়াতে পারে। যদি মধ্যরাত পেরিয়ে যায়, তবে আগামীকাল প্রতিবেদনের সুপারিশগুলো প্রকাশ করা হবে এবং অফিস খোলার পর তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে কমিটির আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এর আগে গত সোমবার দিবাগত রাত ২টার দিকে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় উপাচার্য নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। প্রশাসনের পক্ষ থেকে আজ সন্ধ্যার মধ্যে প্রতিবেদনটি পাওয়ার কথা ছিল। এছাড়া উপাচার্যের বেঁধে দেওয়া ৭২ ঘণ্টার সময়সীমাও আজ রাতে শেষ হওয়ার কথা।

হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগের পরিপ্রেক্ষিতে শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষকে ইতিমধ্যেই অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে হলটির আবাসিক শিক্ষক মো. মতিউর রহমান ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। উপাচার্য জানিয়েছেন, প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন কাউকে স্থায়ী প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং এই প্রক্রিয়ায় এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

এর আগে গত রবিবার রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর ওই হামলার ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিকদের ভাষ্যমতে, হামলায় ছাত্রদলের ১০ থেকে ১২ জন নেতাকর্মী সরাসরি জড়িত ছিলেন। আহত সাংবাদিকরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার সন্ধ্যা থেকে ক্যাম্পাসের সাংবাদিক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করেন। তাদের দাবির মধ্যে ছিল হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে মামলা করা। এছাড়া সাংবাদিকরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর জরুরি সিন্ডিকেট সভা ডেকে জড়িতদের স্থায়ী বহিষ্কার এবং যাদের পড়াশোনা শেষ হয়েছে তাদের সনদ বাতিলের দাবি জানিয়েছেন। উপাচার্য এসব দাবির সঙ্গে একমত পোষণ করেছেন বলে জানা গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy