ইন্দোনেশিয়ার ধোঁয়ায় বায়ুদূষণে মালয়েশিয়ায় স্কুল বন্ধ ঘোষণা

Published: October 9, 2026, 4:46 am

ইন্দোনেশিয়ার বনাঞ্চলে লাগা আগুনের ধোঁয়ায় বায়ুদূষণ তীব্র আকার ধারণ করায় মালয়েশিয়ার বেশ কয়েকটি রাজ্য ও রাজধানী অঞ্চলের সব স্কুল শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্তের কথা জানায়।

মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, মালয় উপদ্বীপের জোহর, মালাক্কা, নেগেরি সেমবিলান ও সেলাঙ্গর রাজ্যের পাশাপাশি রাজধানী কুয়ালালামপুর এবং প্রশাসনিক কেন্দ্র পুত্রাজায়ার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর পাশাপাশি পাহাং রাজ্যের রমপিন জেলাতেও স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী আরও জানান, পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে রাজ্য ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার সরকারি বায়ুদূষণ সূচক অনুযায়ী, সূচকের মান ১০১ থেকে ২০০ হলে বায়ুর মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ হলে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। সরকারি তথ্য অনুসারে, শুক্রবার সকালে দেশটির ৩৭টি এলাকায় বায়ুদূষণের মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে।

ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রদেশে বনাঞ্চল ও অন্যান্য জমির আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানকার কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। এই আগুনের কারণে সৃষ্ট ঘন ধোঁয়াশা প্রতিবেশী দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বৃহস্পতিবার জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো সম্মত হয়েছেন। এ বিষয়ে ইন্দোনেশিয়াকে সব ধরনের সহায়তা দিতে মালয়েশিয়া প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরও জানান, বায়ুদূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আঞ্চলিক সমন্বয় আরও জোরদার করতে তিনি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে উদ্যোগ নিতে বলেছেন। এর অংশ হিসেবে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্যদেশগুলোর মন্ত্রীদের নিয়ে একটি বিশেষ বৈঠক আয়োজনের তাগিদ দেওয়া হয়েছে, যাতে আঞ্চলিকভাবে পরিস্থিতি মোকাবিলা এবং ইন্দোনেশিয়ার আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টায় যৌথ সহযোগিতা নিশ্চিত করা যায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy