নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবি শিক্ষিকাকে অব্যাহতি

Published: October 8, 2026, 9:16 am

নেকাব পরিহিত এক ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করার অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের জরুরি একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৫তম ব্যাচের (২০১৯-২০ সেশন) ক্লাসে। এই ঘটনার পর শিক্ষার্থীরা বিষয়টি বিভাগীয় চেয়ারম্যানকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে বিভাগটি ওই শিক্ষককে আর ক্লাস না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ এবং সাম্প্রতিক ঘটনা পর্যালোচনার জন্য একটি জরুরি একাডেমিক কমিটির সভা ডাকা হয়েছিল। সভার রেজুলেশন অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষকের কোর্সগুলো পুনর্বণ্টন করে অন্য শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী আরও বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। তিনি বলেন, বিভাগীয় চেয়ারম্যান বা একাডেমিক কমিটির এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী উপাচার্য, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। বিভাগ থেকে ঘটনাটি তাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানিয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh