ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অচেতন এক ব্যক্তিকে ট্রলিতে করে নিয়ে এসে রেখে কৌশলে পালিয়ে গেছেন দুই যুবক। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত হয়। নিহত ব্যক্তির নাম সবুজ মল্লিক (৫০), তার বাড়ি জামালপুর সদর উপজেলায়।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দুই যুবক অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তাদের মধ্যে একজন টিকিট কাটার কথা বলে চলে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় হাসপাতালের কর্মীরা সঙ্গে থাকা অপর যুবককে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। পরে ওই যুবকও তাকে খুঁজতে যাওয়ার কথা বলে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান।
পরীক্ষা-নিরীক্ষা শেষে শুক্রবার পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও আকাশি রঙের শার্ট। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের বিষয়ে ইনচার্জ জানান, মৃতের পকেটে থাকা মানিব্যাগ, কয়েকটি ভিজিটিং কার্ড ও চশমার দোকানের একটি রসিদ পাওয়া যায়। ওই চশমার দোকানে মৃতের ছবি পাঠানো হলে দোকানসংশ্লিষ্ট ব্যক্তি ছবিটি ফেসবুকে প্রকাশ করেন, যার মাধ্যমে তার স্বজনদের সন্ধান পাওয়া যায়।
নিহত সবুজ মল্লিকের ছেলে তামিম জানান, তার বাবার নাম সবুজ মল্লিক এবং দাদার নাম আমজাদ মল্লিক। তাদের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায়। সবুজ মল্লিক ধামরাই এলাকায় প্রতীক সিরামিক কোম্পানির ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন এবং সেখানেই বসবাস করতেন।





