সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন বৃটেনের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হুসাইন, এবং ব্রিটিশ পার্লামেন্টের দুই সদস্য আফসানা বেগম ও শওকত আদম। শুক্রবার বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছে তারা এখানকার রোগী সেবার বাস্তব চিত্র এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সরাসরি ধারণা নেন। পরিদর্শনের সময় হাসপাতালের আধুনিক পরিবেশ, উন্নত অবকাঠামো এবং বিদ্যমান চিকিৎসা সেবার মান দেখে প্রতিনিধি দলের সদস্যরা সন্তোষ ও মুগ্ধতা প্রকাশ করেন। তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি ডায়ালাইসিস সেবার মানের প্রশংসা করেন এবং ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
হাসপাতালের সার্বিক কার্যক্রম এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে প্রতিনিধি দলকে বিস্তারিত অবগত করেন এনআরবি কো-অর্ডিনেটর ও ট্রাস্টি জিয়া ইসলাম। পরিদর্শন পরবর্তী আয়োজিত এক আলোচনা সভায় পপুলার অ্যান্ড লাইমহাউসের সংসদ সদস্য আফসানা বেগম বলেন, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল কেবল একটি ডায়ালাইসিস কেন্দ্র নয়, বরং এটি কিডনি রোগীদের জন্য মানবিক চিকিৎসাসেবা, সহমর্মিতা ও আশার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আধুনিক পরিবেশে অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয় এবং জীবন রক্ষায় এ ধরনের প্রতিষ্ঠান বড় ভূমিকা রাখছে।
পরিদর্শনকালে হাসপাতালের ট্রাস্টি সদস্য ডা. মোস্তফা শাহজামাল চৌধুরী বাহার, ট্রাস্টি ডা. নাজরা চৌধুরী, পরিচালক ও কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ চৌধুরী, নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমেদ, অতিরিক্ত পরিচালক (কল্যাণ ও সেবা) ফরিদা নাসরীন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. মা’আয় রেজা চৌধুরী, দিলীপ কুমার পাল, প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপক মো. মহিবুর রহমান রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, বৃটেনের হাউজ অব লর্ডস ও দুই এমপির এই সফর সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসা সেবার মান ও মানবিক উদ্যোগকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে। একই সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক অতিথিদের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।





