শ্রীপুরে বিকাশ কর্মীদের গুলি করে তিন কোটি টাকা লুট

Published: October 9, 2026, 4:04 pm

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর কর্মীদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে প্রায় তিন কোটি টাকা লুট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় একাউন্টস ম্যানেজার হিমেল গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া প্রাইভেট কারের চালক লাল মিয়া এবং এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন। গুলিবিদ্ধ হিমেলকে প্রথমে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড, শ্রীপুর-এর ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং গার্মেন্টস কর্মীদের বেতনের চাপের কারণে তারা নগদ টাকার সংকটে পড়েছিলেন। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর ‘হযরত আলী মুন্সী’র কাছ থেকে ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা নিয়ে প্রাইভেট কারে করে শ্রীপুর ফিরছিলেন তারা।

পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা প্রাইভেট কারটির গতিরোধ করে। এসময় তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এক পর্যায়ে দুর্বৃত্তরা পিস্তল বের করে একাউন্টস ম্যানেজারকে গুলি করে। মোস্তাফিজুর রহমান জানান, প্রাইভেট কারটিতে তিনটি প্লাস্টিকের বস্তায় মোট চার কোটি টাকা ছিল। সেখান থেকে দুটি বস্তা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়, যার মধ্যে প্রায় তিন কোটি টাকা ছিল বলে তাদের ধারণা।

ঘটনার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন এবং আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin