পাবনার দেবোত্তর ডিগ্রি কলেজের দুই শিক্ষকের আবেগঘন বিদায় সংবর্ধনা

Published: October 9, 2026, 4:08 pm

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান ও সহকারী অধ্যাপক আব্দুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে বিদায় নেওয়ার এই ক্ষণে কলেজ প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষকদের বিদায় জানাতে গিয়ে সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিরা চোখের পানি ধরে রাখতে পারেননি।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজ চত্বরে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবোত্তর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম রবি, সদস্যসচিব মনোয়ার হোসেন আলম, যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন এবং আটঘরিয়া পৌর বিএনপির সভাপতি আজাহার আলী।

বিদায়ী শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব বলেন, অধ্যক্ষ সাইদুর রহমান ও সহকারী অধ্যাপক আব্দুল হক অত্যন্ত নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দীর্ঘদিন শিক্ষাদান করেছেন। দেবোত্তর ডিগ্রি কলেজের ইতিহাসে তাঁদের এই অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি তাঁদের সুস্থ ও শান্তিপূর্ণ অবসর জীবন কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকদের অবদান কখনো অবসরের মাধ্যমে শেষ হয়ে যায় না। তাঁরা প্রজন্মের পর প্রজন্মকে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করেন। বিদায়ী এই দুই শিক্ষক তাঁদের কর্মের মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে।

উপাধ্যক্ষ রফিকুল ইসলাম হেলাল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, বিদায়ী দুই শিক্ষক তাঁদের অভিভাবকতুল্য সহকর্মী ছিলেন। তাঁদের অভিজ্ঞতা, আন্তরিকতা ও দিকনির্দেশনা সবসময় কলেজ পরিচালনা ও শিক্ষকতায় পথ দেখিয়েছে। এই শূন্যতা পূরণ করা অত্যন্ত কঠিন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অধ্যক্ষ সাইদুর রহমান বলেন, দীর্ঘ কর্মজীবনে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন, তা আজীবন মনে রাখবেন। দেবোত্তর ডিগ্রি কলেজের প্রতি তাঁর আবেগ ও ভালোবাসা চিরকাল অটুট থাকবে। অন্যদিকে সহকারী অধ্যাপক আব্দুল হক তাঁর স্মৃতিময় কর্মজীবনের কথা উল্লেখ করে বলেন, এ কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া আন্তরিক সহযোগিতা তাঁর জীবনের এক অমূল্য সম্পদ।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অধ্যক্ষ সাইদুর রহমানের মানপত্র পাঠ করেন আব্দুল মজিদ নাদিম এবং সহকারী অধ্যাপক আব্দুল হকের মানপত্র পাঠ করেন সহকারী অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান। সহকারী অধ্যাপক নীহার আফরোজের সঞ্চালনায় অতিথিরা বিদায়ী শিক্ষকদের কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন।

পরে প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব বিদায়ী অধ্যক্ষ সাইদুর রহমানকে ক্রেস্ট প্রদান করেন এবং উপাধ্যক্ষ রফিকুল ইসলাম তাঁকে উত্তরীয় পরিয়ে দেন। অন্যদিকে সহকারী অধ্যাপক আব্দুল হকের হাতে ক্রেস্ট তুলে দেন ইউএনও তাহমিদুল ইসলাম এবং তাঁকে উত্তরীয় পরিয়ে দেন আতাউর রহমান রানা ও মনোয়ার হোসেন আলম।

এছাড়া কলেজের বিভিন্ন বিভাগ, গভর্নিং বডি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁদের উপহারসামগ্রী দেওয়া হয়। বিজ্ঞান বিভাগের পক্ষে আবুল লতিফ, অর্থনীতি বিভাগের পক্ষে এ কে এম মোস্তাফিজুর রহমান ও কামরুজ্জামান এবং কমিটির পক্ষে রবিউল ইসলাম রবিসহ কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin