রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শাখা ছাত্রদলের তিনজন নেতা-কর্মী এবং হল সংসদের সাধারণ সম্পাদকের (জিএস) ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি। শুক্রবার সকালে উপাচার্যের কনফারেন্স রুমে সাংবাদিকদের সামনে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
উপাচার্য জানান, গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে সাংবাদিক পেটানোর ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। প্রশাসনের কাছে গত মধ্যরাতে কমিটি তাদের সর্বসম্মত লিখিত প্রতিবেদন জমা দিয়েছে। অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় তদন্ত কমিটি আহসান হাবীব (সহ-সভাপতি, রাবি ছাত্রদল), বিশাল চক্রবর্তী (রাবি ছাত্রদল কর্মী), হাসিবুল হাসান (যুগ্ম সাধারণ সম্পাদক, রাবি ছাত্রদল) এবং আরিফুল ইসলামকে (জিএস, জিয়া হল সংসদ) সাময়িকভাবে বহিষ্কারের সুপারিশ করেছে।
তদন্ত কমিটি আরও কিছু নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও প্রমাণাদি নিয়ে অধিকতর তদন্তের সুপারিশ করেছে। এদের মধ্যে রয়েছেন রাকসুর সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম এবং ছাত্রদল কর্মী তানিম রহমান। এছাড়া শাখা ছাত্রদলের সহ-সভাপতি বুলবুল রহমান, শরীফুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার নির্দেশনা দিয়েছে কমিটি।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে এবং উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছিলেন।





