১৩ নভেম্বর ২০২৬: পৃথিবী কি সত্যিই ধ্বংসের মুখে

Published: October 5, 2026, 7:41 am

১৯৬০ সালে বিশ্বের অন্যতম শীর্ষ বিজ্ঞান সাময়িকী 'সায়েন্সে' মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে একটি চাঞ্চল্যকর গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল। অস্ট্রীয়-আমেরিকান সাইবারনেটিকস বিশেষজ্ঞ হেইঞ্জ ফন ফোয়েস্টার এবং তার দুই শিক্ষার্থী প্যাট্রিসিয়া এম. মোরা ও লরেন্স ডব্লিউ. অ্যামিয়ট এই গবেষণার লেখক ছিলেন। তাদের পূর্বাভাস অনুযায়ী, ১৩ নভেম্বর ২০২৬ সালে পৃথিবীর জনসংখ্যা অসীম পর্যায়ে পৌঁছাবে এবং মানবসভ্যতা ধ্বংসের মুখে পড়বে।

গবেষকদের দাবি ছিল, মানুষের জনসংখ্যা সাধারণ হারে নয় বরং ক্রমবর্ধমান গতিতে বাড়ছে। ইতিহাসের প্রায় ২ হাজার বছরের জনসংখ্যার ২৪টি হিসাব বিশ্লেষণ করে তারা দেখান যে, মানুষের সংখ্যা ধারাবাহিকভাবে প্রচলিত সব পূর্বাভাসকে ছাড়িয়ে যাচ্ছে। সেই প্রবণতা অব্যাহত থাকলে ২০২৬ সালে জনসংখ্যা 'অসীমের কাছাকাছি' চলে যাবে বলে তারা ধারণা করেছিলেন। তাদের মতে, ভবিষ্যৎ প্রজন্ম অনাহারে নয়, বরং অতিরিক্ত জনসংখ্যার চাপে 'চাপা পড়ে' মারা যেতে পারে।

এই গবেষণাপত্রটি প্রকাশের পর কয়েক দশক ধরে বিজ্ঞানী ও নীতিনির্ধারকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ১৯৬০ থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত জনসংখ্যাবিদ্যা, পরিবেশবিদ্যা ও জেনেটিকসের বিভিন্ন বইয়ে এই 'ডুমসডে' সমীকরণটি উদ্ধৃত হয়েছে। এমনকি কানাডার একটি সংসদীয় কমিটি এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ গর্ভপাত মামলায়ও এর উল্লেখ পাওয়া গেছে।

মজার বিষয় হলো, গবেষণাটির জনসংখ্যাসংক্রান্ত পূর্বাভাস কয়েক দশক পর্যন্ত বেশ নির্ভুল প্রমাণিত হয়েছিল। তবে ১৯৯০-এর দশকের শুরুতে বিশ্ব জনসংখ্যা পূর্বাভাসের তুলনায় ধীরগতিতে বাড়তে শুরু করে। এর অন্যতম প্রধান কারণ ছিল জন্মহার কমে যাওয়া। বর্তমানে বিশ্বে জন্মহার ১৯৬০ সালের তুলনায় অর্ধেকেরও কম। ফলে ১৩ নভেম্বর ২০২৬-এ মানবসভ্যতা বিলুপ্ত হওয়ার আশঙ্কার কোনো বাস্তব ভিত্তি নেই।

ফন ফোয়েস্টার একসময় মঞ্চের জাদুকরও ছিলেন। তার গবেষণাপত্রের অসাধারণ শিরোনাম ও চমকপ্রদ উপসংহার সাধারণ বৈজ্ঞানিক আলোচনাকে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছিল। বিজ্ঞান, তথ্য ও উপস্থাপনার এই সমন্বয়ই এই গবেষণাকে আজও স্মরণীয় করে রেখেছে। তবে এই গবেষণার সবচেয়ে বড় শিক্ষা হতে পারে—বৈজ্ঞানিক তথ্যকে কীভাবে উপস্থাপন করা হয়, সেটিও মানুষের দৃষ্টি আকর্ষণে কতটা গুরুত্বপূর্ণ।

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১২: ৪৩আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১২: ৫৭

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh