যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে মানবাধিকার কমিশন সচলের দাবি

Published: November 25, 2026, 3:58 am

দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকলেও জাতীয় মানবাধিকার কমিশন বর্তমানে কার্যত নিষ্ক্রিয় হয়ে রয়েছে। ভুক্তভোগীদের প্রাতিষ্ঠানিক সুরক্ষার সুযোগ অব্যবহৃত থাকার পাশাপাশি জমা হওয়া অভিযোগের অনুসন্ধান, শুনানি কিংবা নিষ্পত্তি কোনোটাই হচ্ছে না। এ পরিস্থিতি কেবল প্রশাসনিক শূন্যতাই প্রকাশ করে না, বরং মানবাধিকার রক্ষায় সরকারের অগ্রাধিকার ও আন্তরিকতা নিয়েও বড় ধরনের প্রশ্ন তুলছে। কমিশন পুনর্গঠনে বাছাই কমিটি গঠন করা হলেও নতুন কমিশন ঠিক কবে নাগাদ দায়িত্ব নেবে, তার কোনো সুস্পষ্ট সময়সীমা জানা যায়নি। 'হয়ে যাবে, কাজ চলছে'—আইনমন্ত্রীর এমন বক্তব্যে অনিশ্চয়তা কাটছে না এবং কমিশন অকার্যকর কি না, সে বিষয়ে তাঁর নীরবতাও হতাশাজনক। একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকার কারণ ও প্রতিকার সম্পর্কে জনগণকে অবহিত করা সরকারের দায়িত্ব।

বর্তমানে সংস্থাতটিতে ১ হাজার ৫৩৮টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় পড়ে আছে, যার প্রতিটির সঙ্গেই ভুক্তভোগীদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের প্রশ্ন জড়িত। অভিযোগ নথিভুক্ত করে ফেলে রাখাকে কোনোভাবেই সমাধান বলা যায় না। কালক্ষেপণের কারণে সাক্ষ্যপ্রমাণ হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে, ভুক্তভোগীদের নিরাপত্তাহীনতা বাড়ে এবং নাগরিকরা ন্যায়বিচারের আস্থা হারাতে পারেন। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসেই মব সহিংসতায় ১৯১ জন এবং রাজনৈতিক সহিংসতায় ১০৬ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি হেফাজতে মৃত্যু, শিশুহত্যা ও সাংবাদিক হয়রানির মতো গুরুতর অভিযোগও রয়েছে। এসব ঘটনার তদন্ত ও বিচারে মূল ভূমিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হলেও স্বাধীন পর্যবেক্ষণ ও জবাবদিহি নিশ্চিত করতে মানবাধিকার কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রযোজ্য নতুন আইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে আসা অভিযোগের বিষয়ে কমিশনের করণীয় আরও স্পষ্ট করা হয়েছে। এখন কমিশন থেকে প্রতিবেদন চাওয়া, সুপারিশ পাঠানো এবং সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আইনি সুযোগ রয়েছে। তবে কমিশন সচল না থাকলে এসব বাড়তি আইনি ক্ষমতা কেবল কাগজেই সীমাবদ্ধ থেকে যাবে। কমিশন গঠনের ক্ষেত্রে শুধু দ্রুততা নয়, নিয়োগের মান ও স্বচ্ছতাও রক্ষা করতে হবে। রাজনৈতিক আনুগত্য, ব্যক্তিগত যোগাযোগ বা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পদায়নের ভিত্তিতে নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠানটির স্বাধীনতা ক্ষুণ্ন হবে। মানবাধিকারের অভিজ্ঞতা, সততা, নিরপেক্ষতা এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়ানোর যোগ্যতাকে প্রাধান্য দিয়ে বাছাইপ্রক্রিয়া প্রকাশ্য করা প্রয়োজন। এতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন ঘটবে।

কমিশনে কেবল চেয়ারপারসন ও কমিশনার নিয়োগ দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। জমে থাকা বিপুল অভিযোগ নিষ্পত্তিতে সময়ভিত্তিক কর্মপরিকল্পনা, জরুরি অভিযোগ চিহ্নিত করার সুনির্দিষ্ট ব্যবস্থা এবং প্রয়োজনীয় জনবল ও বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে। যেসব দপ্তর বা সংস্থা থেকে প্রতিবেদন আসতে দেরি হচ্ছে, তাদের কাছে জবাব চাইতে হবে। কমিশনের দেওয়া সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও বার্ষিক প্রতিবেদন নিয়মিত প্রকাশ করা জরুরি। আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আগেই নতুন কমিশন গঠনের প্রত্যাশা তৈরি হয়েছে। তবে কোনো দিবস পালনের আনুষ্ঠানিকতার চেয়ে মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত প্রতিকার পাওয়াটাই আসল বিষয়। তাই কালবিলম্ব না করে স্বাধীন ও যোগ্য ব্যক্তিদের হাতে কমিশনের দায়িত্ব সঁপে দিয়ে উপযুক্ত কাজের পরিবেশ তৈরি করার আহ্বান জানানো হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo