দুই বছর পর নভেম্বরেই পরিযায়ী পাখির কলতানে মুখর জাবি ক্যাম্পাস

Published: November 25, 2026, 4:03 am

কুয়াশার চাদরে ঢাকা ভোরের সতেজ বাতাসের সঙ্গে শান্ত জলে ভেসে বেড়াচ্ছে পরিযায়ী পাখির দল। ডানা মেলে নীল আকাশে ওড়া কিংবা খাবারের সন্ধানে ডুব সাঁতারের দৃশ্য আর কিচিরমিচিরে বদলে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের আবহ। উত্তরের দূরদেশগুলো থেকে আসা পাখির আগমনে প্রকৃতি যেন নতুন ছন্দে মেতে উঠেছে। দীর্ঘ দুই বছরের ধারাবাহিকতা ভেঙে এবারের মৌসুমে একদম শুরুতেই পরিবহন চত্বর ও ওয়াইল্ড রেসকিউ সেন্টার এলাকার লেকগুলোতে ফিরতে শুরু করেছে এসব পরিযায়ী অতিথি পাখি।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অরিত্র সাত্তার জানান, বিগত জাকসু ও প্রশাসনসহ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নেওয়া নানা কার্যকর পদক্ষেপের কারণে এবার পরিবহন এলাকার জলাশয়ে মৌসুমের শুরুতেই প্রায় ৩৫০টি পাখির আগমন ঘটেছে। বিগত দুই বছর এই এলাকায় কেবল মৌসুমের শেষভাগে কিছু পাখির দেখা মিললেও শুরুতে তাদের উপস্থিতি বেশ কমে গিয়েছিল। তাই নভেম্বরের শুরুতেই বিপুল সংখ্যক পাখি দেখতে পাওয়াকে নিজেদের জন্য একটি নতুন বিজয় হিসেবে বর্ণনা করেন তিনি। শিক্ষার্থীদের মতে, অতিথি পাখিদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ ধরে রাখা গেলে প্রতি বছর জলাশয়গুলোতে পাখির আগমন আরও বাড়ানো সম্ভব।

ক্যাম্পাসের পাখিদের নিরাপত্তা ও আবাসস্থল সুরক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নজরুল ইসলাম। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ক্যাম্পাসে অতিথি পাখির নিয়মিত আগমন বন্ধ বা সীমিত ছিল। পাখির নিরাপদ বসতি নিশ্চিতের লক্ষ্যে রংপুকুরের লিজ প্রথা সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে যেসব লেকে পরিযায়ী পাখি আশ্রয় নেয়, সেসব এলাকায় বিকট শব্দে যেকোনো ধরনের সভা-সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অতিথি পাখিদের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অঙ্গীকারবদ্ধ বলে জানান তিনি।

বর্তমানে জাবির জলাশয়গুলোতে হরেক প্রজাতির হাঁস ও জলচর পাখির মনোহরী বিচরণ দেখা যাচ্ছে। পাতি সরালি, বড় সরালি, নীলশির হাঁস, খুন্তে হাঁস, পাতি তিলিহাঁস, রাজহাঁস, চোখা ডুবুরি হাঁস ও পাতি ডুবুরির উপচে পড়া উপস্থিতি পুরো চত্বরকে প্রাণবন্ত করে তুলেছে। এছাড়া কালেম, শঙ্খচিল, খোঁচা ও টিটি পাখির চঞ্চল ওড়াওড়ি প্রকৃতিপ্রেমীদের বিশেষ আকর্ষণ করছে। কোনোটি শান্ত জলে ডানা ঝাঁপটে খাবার খুজছে, কোনোটি ডুব দিয়ে শিকার ধরছে, আবার কোনোটি লেকের পাড় ঘেঁষে হেঁটে বেড়াচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেক, প্রশাসনিক ভবনের আশপাশের জলাশয়, পরিবহন এলাকার পুকুর এবং রংপুকুরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নিয়েছে পরিযায়ী পাখিরা। আশির দশকের মাঝামাঝি সময় থেকে জাবি ক্যাম্পাসে শীতকালীন অতিথি পাখির আগমন নজর কাড়তে শুরু করে এবং ধীরে ধীরে এটি 'পাখিদের ক্যাম্পাস' হিসেবে সুপরিচিত হয়। নগরজীবনের কোলাহলমুক্ত এই সবুজ অঙ্গন প্রতি বছর শিক্ষক, শিক্ষার্থী, আলোকচিত্রী ও বিভিন্ন স্থান থেকে আসা নানা বয়সের প্রকৃতিপ্রেমীদের এক মিলনমেলায় পরিণত হয়। ক্লাসে যাওয়ার পথে কিংবা পরীক্ষার প্রস্তুতির ফাঁকে জলাশয়ের ধারে দাঁড়ানো জাবি শিক্ষার্থীদের স্মৃতি ও আবেগের এক বড় অংশ জুড়ে রয়েছে পাখির এই বিচরণ।

তবে পাখিদের নিরাপত্তা ও অবাধ বিচরণ নিয়ে কিছু উদ্বেগও দেখা দিয়েছে। জলাশয়ের চারপাশে অতিরিক্ত মানুষের জটলা, যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, উচ্চ শব্দ এবং রাতে লেকপাড়ে অপ্রয়োজনীয় মানুষের যাতায়াত পাখিদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাচ্ছে। নিরুপদ্রব পরিবেশ না পেয়ে হঠাৎ আতঙ্কিত হয়ে বিশাল পাখির ঝাঁক পরিবহন এলাকার লেক ছেড়ে রাতের বেলা অন্য জলাশয়ে স্থানান্তর হওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া লেকের চারপাশের গাছপালা কমে যাওয়া দীর্ঘমেয়াদি সংকট তৈরি করছে। শিক্ষার্থীরা জোর দিয়ে বলছেন, লেকগুলোর প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রাখা, শব্দদূষণ রোধ করা এবং রাতে কড়া নজরদারি বজায় রাখা গেলে প্রতি শীতের বার্তা নিয়ে আরও বেশি সংখ্যায় অতিথি পাখি ফিরে আসবে এই ভালোবাসার ক্যাম্পাসে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh