ডিআইজিসহ পুলিশ ক্যাডারের ১৪ কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন

Published: November 25, 2026, 4:01 am

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ (এসপি) বিভিন্ন পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে দুটি পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে আটজন এবং অপর প্রজ্ঞাপনে ছয়জন কর্মকর্তার বদলি ও পদায়নের বিষয়টি উল্লেখ রয়েছে।

প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকা পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর পদে) এ.এইচ.এম. শাহাদাত হোসাইন, পিপিএম (বার)-কে ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার এবং একই স্থানের পুলিশ সুপার (টিআর পদে) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম-কে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। এ ছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, পিপিএম-সেবাকে নৌপুলিশের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, পিএসসি-কে ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনের আদেশে ঢাকা এসবির ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে এপিবিএনের ডিআইজি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমানকে সিআইডির ডিআইজি পদে বদলি করা হয়েছে। ঢাকা ডিএমপির যুগ্মপুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে খুলনা কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেট আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), ডিএমপির যুগ্মপুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি এবং ঢাকা এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. কামরুল ইসলামকে রংপুর আরপিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রজ্ঞাপনে বর্ণিত সিদ্ধান্তগুলো অবিলম্বে কার্যকর হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy