মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে থেকে বাদ পড়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। এবারের আসরের সেরা ৩০ জন প্রতিযোগীর তালিকায় স্থান পাননি তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে শুরু হয়। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মোট ১১৬ জন প্রতিযোগী এবারের আসরে অংশ নিয়েছিলেন।
প্রতিযোগিতায় দর্শক ভোটের মাধ্যমে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। গ্র্যান্ড ফিনালের ঠিক এক ঘণ্টা আগেও পিপলস চয়েজ ভোটে বাংলাদেশের সামিরা খান মাহি তালিকার শীর্ষে ছিলেন। তবে শেষ মুহূর্তে তিনি সেই অবস্থান ধরে রাখতে ব্যর্থ হন। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।
সেমিফাইনালের জন্য প্রতিযোগীদের বাছাই করা হয়েছে দর্শক ভোট, ব্যক্তিগত সাক্ষাৎকার এবং প্রাথমিক পর্বের পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে। সেরা ৩০-এ জায়গা না পাওয়ার কারণে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সামিরা খান মাহির যাত্রা এখানেই শেষ হয়েছে।
সেরা ৩০-এ জায়গা পাওয়া প্রতিযোগীদের মধ্যে নিউজিল্যান্ড এবং টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জের প্রতিনিধিদের নাম রয়েছে। নির্বাচিত এই ৩০ জন প্রতিযোগী এখন সুইমস্যুট পর্বে অংশ নেবেন। সেখান থেকে সেরা ১২ জনকে বাছাই করা হবে। পরবর্তীতে ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে চূড়ান্ত বিজয়ীকে নির্ধারণ করা হবে।





