বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নতুন ধরনের বিভিন্ন কার্যক্রমকে সর্বসাধারণের কাছে জনপ্রিয় করতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। একই সঙ্গে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চেয়ারম্যানের কার্যালয়ে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে ইউজিসি চেয়ারম্যান এসব কথা বলেন। সংগঠনের সভাপতি ড. মহিউদ্দিন আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক সামছul আলম শিবলীর নেতৃত্বে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ এবং পাবলিক রিলেশন্স বিষয়ে অ্যাকাডেমিক প্রোগ্রাম চালুর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রতিনিধিদলে বাপাজসের উপদেষ্টা আবুল কাসেম শিখদার এবং নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে সহসভাপতি মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন খান, সমাজকল্যাণ সম্পাদক মোস্তাক জাহান এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. ইফতেখার রাজু উপস্থিত ছিলেন। সাক্ষাৎশেষে বাপাজস নেতৃবৃন্দ ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের হাতে একটি সম্মাননা ক্রেস্ট ও সংগঠনের পরিচিতিপত্র হস্তান্তর করেন। এ সময় ইউজিসি চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।





