সিরাজগঞ্জের রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ এতিমখানায়

Published: November 5, 2026, 6:11 pm

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক অভিযানে প্রায় ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার সকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের কুতুবের চর মৎস্য আড়তে এই অভিযান চালানো হয়। পরে উদ্ধার করা আনুমানিক ১ হাজার ৪০ কেজি পিরানহা বিনষ্ট না করে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মৎস্য বিভাগ জানায়, অভিযান চলাকালে নিষিদ্ধ এসব মাছের প্রকৃত মালিককে বাজারে খুঁজে পাওয়া যায়নি। তবে মাছের হেফাজতে থাকা দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা মৎস্য বিভাগের তথ্যমতে, জব্দ হওয়া পিরানহার চালানটি ময়মনসিংহ এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে কুতুবের চর মৎস্য আড়তে আনা হয়েছিল। প্রতি কেজি ২০০ টাকা হিসাবে এসব মাছের বাজারমূল্য দাঁড়ায় আনুমানিক ২ লাখ ৮ হাজার টাকা। আড়ত থেকে উদ্ধারের পর মাছগুলো সদ্ব্যবহারের লক্ষ্যে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, পিরানহা অত্যন্ত রাক্ষুসে এবং দেশীয় মাছের জন্য মারাত্মক ক্ষতিকর প্রজাতি। মুক্ত জলাশয়ে বা নদীতে এ মাছ ছড়িয়ে পড়লে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও সমগ্র জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। এ কারণেই বাংলাদেশে পিরানহা মাছ চাষ, পরিবহন, সংরক্ষণ ও বেচাকেনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। বাজারে বা জলাশয়ে নিষিদ্ধ মাছের বিস্তার রুখতে উপজেলা মৎস্য বিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy