সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার, চোরাচালানসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং বিজিবির আভিযানিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নওগাঁর সাপাহার উপজেলার বৈকুণ্ঠপুর মৌজায় নতুন ‘নব-আদাতলা বিওপি’ (বর্ডার অবজারভেশন পোস্ট) চালু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ১৬ বিজিবির অধীনে স্থাপিত এই সীমান্ত চৌকিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন (রংপুর)-এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতা রক্ষায় বিজিবি সবসময় কঠোর অবস্থানে থেকে অর্পিত দায়িত্ব পালন করছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তজুড়ে নজরদারি বাড়ানো, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, ফ্ল্যাগ বৈঠক আয়োজন, প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ রক্ষা এবং দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে বাহিনীটি নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় অসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমেও বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রিজিয়ন কমান্ডার আরও বলেন, বিজিবির সদস্যরা যেকোনো প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দিনরাত পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করে আসছেন। সীমান্ত নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল করতে স্থানীয় বাসিন্দা, সাংবাদিক এবং সুশীল সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি অভিহিত করেন। এ সময় বস্তুনিষ্ঠ তথ্য প্রদান ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
নব-আদাতলা বিওপি প্রতিষ্ঠার ফলে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও সার্বক্ষণিক নজরদারি অনেক বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এটি চোরাচালান, মাদক ও মানব পাচার প্রতিরোধ, পুশ-ইন বন্ধ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তপ্রহরীদের কার্যকর ভূমিকা রাখবে। উল্লেখ্য, রংপুরের উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ১১১.৫ কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে রয়েছে। সীমান্তে বিজিবির কার্যকর উপস্থিতি ও সার্বক্ষণিক পাহারার অংশ হিসেবেই নতুন এই বিওপি স্থাপন করা হলো।





