ভারতীয় ভিসা আবেদনে নতুন অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক

Published: November 5, 2026, 12:06 pm

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন বাধ্যবাধকতা আরোপ করেছে। এখন থেকে প্রতিটি ভিসা আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে 'Visa Undertaking Form' বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার হাইকমিশনের ভিসা সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি অ্যাডভাইজরিতে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়মের আওতায় আবেদনকারীদের হাইকমিশনের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম্যাটটি ডাউনলোড করতে হবে। এরপর যথাযথভাবে পূরণ করা সেই ফর্মটি NIC Visa Application Portal-এ অনলাইনে আবেদনের সময় স্ক্যান করে আপলোড করতে হবে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে, শুধুমাত্র নির্ধারিত ফরম্যাটের ফর্মটিই গ্রহণযোগ্য হবে; অন্য কোনো ফরম্যাটে ফর্ম জমা দিলে তা গ্রহণ করা হবে না। ভিসা প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে হাইকমিশন জানিয়েছে।

এক পাতার এই অঙ্গীকারনামায় আবেদনকারীকে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে তথ্য দিতে হবে। ফর্মের প্রথম অংশে পাসপোর্ট অনুযায়ী নাম, নম্বর, জাতীয়তা, জন্মতারিখ ও ঢাকার বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে। দ্বিতীয় অংশে পর্যটন, ব্যবসা, চিকিৎসা বা সম্মেলনে অংশগ্রহণের মতো ভ্রমণের উদ্দেশ্য স্পষ্টভাবে লিখতে হবে।

ফর্মের বাকি অংশে আবেদনকারীকে তিনটি বিষয়ে অঙ্গীকার করতে হবে। এর মধ্যে রয়েছে—ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী ভারত সফর করা, সফর শেষে নিজ দেশে ফিরে আসা এবং কোনোভাবেই ভিসার মেয়াদের অতিরিক্ত সময় ভারতে অবস্থান না করা। এছাড়া ভারতে অবস্থানকালে দেশটির আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলা এবং আইনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকারও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

হাইকমিশন সতর্ক করে জানিয়েছে, কোনো আইন লঙ্ঘন করলে আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার যোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। ফর্মটি পূরণের শেষে আবেদনকারীকে স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বাবা ও মা উভয়কেই এই ফর্মে স্বাক্ষর করতে হবে। দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে ভিসা প্রত্যাশীদের নির্ধারিত লিংক থেকে ফর্মটি ডাউনলোড করার পরামর্শ দিয়েছে হাইকমিশন।

যেমন—পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা সম্মেলনে অংশগ্রহণ।ফর্মের পরবর্তী ৩ থেকে ৫ নম্বর অংশে তিনটি বিষয়ে অঙ্গীকার করতে হবে আবেদনকারীকে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy