বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ। এ জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার আদালতে এই আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড শুনানির সময় বিচারক সাংবাদিকদের আদালত কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন।
পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে ৩ নভেম্বর থেকে তিন দিনের রিমান্ডে নিয়ে দীপকে বিভিন্ন কৌশলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তিনি ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে ঘটনার প্রকৃত রহস্য জানতে তাঁকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়ার পর দীপকে প্রথম দফায় চার দিন এবং দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। একই মামলায় গ্রেপ্তার হওয়া এক তরুণী বর্তমানে দ্বিতীয় দফার রিমান্ডে রয়েছেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের আহ্বানে সাড়া দিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে রাজধানীর তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জিজ্ঞাসাবাদের সময় দীপ দাবি করেছেন, ঘটনার দিন কিছু লোকের ধাওয়ার মুখে তাহসিফ নদীতে ঝাঁপ দিয়েছিলেন এবং তিনি নিজে ভয়ে পালিয়ে যান। তবে পুলিশ তাঁর এই বক্তব্যসহ সার্বিক বিষয়টি খতিয়ে দেখছে।





