বাগেরহাটের মোংলায় প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মোংলা অর্থনৈতিক অঞ্চল’ উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহজীকরণ সংক্রান্ত এই সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের পক্ষে শিল্পাঞ্চল বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং সিআরসিসির সহযোগী প্রতিষ্ঠান চায়না ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং স্বাক্ষর করেন। এ সময় যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম রবি, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবেশবান্ধব অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধান ও সহযোগিতা সম্প্রসারিত হবে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে। এছাড়া, এই প্রকল্পের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীজনদের যোগাযোগ ও সমন্বয়ে সহায়তা করবে ইনভেস্ট বাংলাদেশ।





