কুর্মিটোলায় পুলিশের গাড়িতে ককটেল হামলা, আহত কনস্টেবল

Published: November 5, 2026, 6:15 am

রাজধানীর কুর্মিটোলায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই হামলায় ক্যান্টনমেন্ট থানার ‘গলফ ক্লাব-৮৩’ টহল গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন।

পুলিশ সূত্র জানায়, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে আর্মি গলফ ক্লাবের কাছে থাকা পুলিশ গাড়িটিকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। বিস্ফোরণে গাড়ির চালক কনস্টেবল এনামুলের বাম চোখে আঘাত লাগে। তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এবং পরে উন্নত চিকিৎসার জন্য আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নির্দেশে এই ঝটিকা মিছিলটি বের করা হয়। মিছিল থেকে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh