হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

Published: November 5, 2026, 6:40 am

হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর সৃষ্ট বিরূপ প্রভাবের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিশন গঠন করেছে সরকার। বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই কমিশন ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারের দায়-দায়িত্ব নির্ধারণ করবে। কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমান। সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ ও দায়-দায়িত্ব চিহ্নিত করবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করবে কমিশন। কমিশনের বিবেচনায় সংশ্লিষ্ট অন্য বিষয়েও সুপারিশ করার সুযোগ রাখা হয়েছে।

তদন্তের স্বার্থে কমিশনকে দেশের যে কোনো স্থান পরিদর্শন এবং যে কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে কমিশনকে তদন্ত শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

কমিশনকে সাচিবিক সহায়তাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে স্বাস্থ্য সেবা বিভাগ। এছাড়া কমিশনের ব্যয় নির্বাহ এবং তদন্তকাজে সহায়তার জন্য স্বাস্থ্য সেবা বিভাগ বা এর অধীনস্থ প্রতিষ্ঠানের প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh