জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। সামান্তা শারমিন তার পোস্টে স্পষ্টভাবেই লিখেছেন, কিছুক্ষণ আগেই তিনি জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সামান্তা শারমিন জানান, প্রায় এক বছর আগে থেকেই জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের প্রশ্নে তার আলাদা অবস্থান ছিল। তিনি মনে করতেন, জামায়াতে ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য নয়। তার মতে, জামায়াতের সাথে জোট করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।
সামান্তা শারমিন বলেন, গত ১১ মাস ধরে এনসিপির অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে তিনি দলের বিভিন্ন পর্যায়ে লিখিত প্রস্তাব ও অভিযোগ প্রদান করেছিলেন। তার ভাষায়, দল যদি ভুল পথে যায়, তবে সেই পথ থেকে দলকে রক্ষা করা তার রাজনৈতিক কর্তব্য ছিল। এই কর্তব্যবোধ থেকেই তিনি দলের অভ্যন্তরে মতাদর্শিক সংগ্রাম চালিয়ে গেছেন। তিনি মনে করেন, দলের গৃহীত নীতিসমূহকে স্বীকৃত ফোরামে যুক্তিসঙ্গতভাবে চ্যালেঞ্জ করা ছাড়া দলকে ফিরিয়ে আনার আর কোনো গণতান্ত্রিক পথ ছিল না।
প্রায় এক বছরের দীর্ঘ সংগ্রামের ইতি টেনে তিনি বলেন, এনসিপির পক্ষে তাদের শুরুর মূল্যবোধের প্রতি আন্তরিক থাকা আর সম্ভব নয় বলে তিনি মনে করছেন। তিনি আরও জানান, পদত্যাগের জন্য হয়তো আরও উপযুক্ত সময়ের অপেক্ষা করা যেত, কিন্তু সেই অপেক্ষা তার কাছে অর্থহীন মনে হয়েছে।
সামান্তা শারমিন বলেন, এনসিপি জামায়াতের সাথে জোট ত্যাগের মতো রাজনৈতিক ভূমিকা নিলেও, পুরোনো রাজনৈতিক ধাঁচের বাইরে নিজস্ব পরিচয় ও কর্মসূচী তৈরি করতে পারবে বলে তিনি মনে করেন না। তার মতে, পুরোনো ব্যবস্থার রাজনৈতিক দল কখনোই রাষ্ট্রের নতুন ব্যবস্থা আনার জন্য সহায়ক হবে না, বরং তা বাধা হয়ে দাঁড়াবে। এতদিন দলের সাথে যেসব মতপার্থক্য ও আলাপ-আলোচনা হয়েছে, তা এখন দলের সদস্য এবং দলীয় কাঠামোর বাইরের শুভানুধ্যায়ীদের কাছে জানানো প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।





