মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী

Published: November 5, 2026, 12:56 pm

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মোহাম্মদ আমির হোসেন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। এর বিপরীতে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয়ের সামনে থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেওয়া হয়। পরে তাকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আরিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে জুলাই আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় লর্ড হার্ডিঞ্জ ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফ চোখে গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh