শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Published: November 5, 2026, 10:52 am

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য কোনো পাসপোর্ট দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ হাইশিং-এর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে একজন পলাতক, ফ্ল্যাগড সন্ত্রাসী ও টেরোরিস্ট হিসেবে অভিহিত করেন। তিনি প্রশ্ন রেখে বলেন, তিনি কি তার শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে এসেছেন যে তাকে পাসপোর্ট দিতে হবে? তিনি আরও বলেন, আমাদের সঙ্গে ভারতের একটি এক্সট্রাডিশন ট্রিটি বা বন্দি বিনিময় চুক্তি রয়েছে। এই চুক্তিটি মূলত সন্ত্রাসী এবং ক্রিমিনালদের ধরার জন্যই করা হয়েছে। একজন টেরোরিস্ট ক্রিমিনালকে ধরতে পাসপোর্টের প্রয়োজন হয় না, বরং এর জন্য বিচারিক বা জুডিশিয়াল প্রসেসের প্রয়োজন হয় বলে তিনি উল্লেখ করেন।

হুমায়ুন কবির বলেন, পালিয়ে যাওয়া এই টেরোরিস্ট, যে হাজার হাজার মানুষকে হত্যা করে দেশ ছেড়েছে, তাকে কোনোভাবেই একজন সাধারণ কমার্শিয়াল ট্রাভেলার হিসেবে দেখার সুযোগ নেই। সরকার তার হ্যান্ডওভার বা হস্তান্তর চায়। বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে বিদ্যমান এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী এই ক্রিমিনালকে হস্তান্তর করতে হবে বলেও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin