কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় শাহরিয়ার জামানকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি অতর্কিতভাবে রানার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার সময় রানার বাবা মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন ঢাকায় অবস্থান করছিলেন। তিনি জানিয়েছেন যে, বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নিয়ে তিনি পরে বিস্তারিত জানাবেন।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এই হামলার কারণ কিংবা জড়িতদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ অপরাধীদের শনাক্ত করতে ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ চালিয়ে যাচ্ছে।





