ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো আন্দোলনে নেমেছেন গাজীপুরের পোশাক শ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের বড়বাড়ী এলাকায় আন্দোলন কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘাত ছড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরাতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারী শ্রমিকদের একটি অংশ মহানগরীর বাসন থানায় হামলার চেষ্টা চালায়। তারা লাঠিসোঁটা নিয়ে থানার দিকে তেড়ে যায় এবং থানা ভবনের ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি সামাল দিতে ও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মারে পুলিশ। পরে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
সার্বিক বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শিল্পাঞ্চলের অন্যান্য সব স্থানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। তবে বড়বাড়ী এলাকায় একটি বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।





