মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর গোবিন্দল এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার রায় ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এই রায় প্রদান করেন। রায়ে পাঁচজন আসামিকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি উত্তর গোবিন্দল এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে আজিজ মোল্লা ও নান্নু মোল্লা ওরফে টেন্ডল মোল্লা ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে চিকিৎসাধীন অবস্থায় করিম মোল্লা মারা যান। ঘটনার দিনই নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) নূরতাজ আলম বাহার জানান, মোট ২৪ জন আসামির বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছিল। আদালত ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ড এবং আটজনের যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও আরও সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে দুজনকে পাঁচ বছর, একজনকে এক বছর, দুজনকে ছয় মাস এবং দুজনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। নূরতাজ আলম বাহার আরও জানান, এই রায়ের মাধ্যমে দীর্ঘদিনের আলোচিত এই মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হলো।





