দেশের সব সরকারি কলেজে পাঠদান করা বিষয়গুলোর অনুমোদনের অনুলিপি জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পদসৃজনের জন্য উচ্চমাধ্যমিক, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের অনুমোদিত বিষয়ের এই অনুলিপি আগামী ৮ নভেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) মাউশির উপ-পরিচালক শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্যের কথা জানানো হয়। এতে ২০১৮ সালের বিধিতে জাতীয়করণকৃত কলেজগুলোসহ মাউশির অধীনস্থ সব সরকারি কলেজকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সরকারি কলেজসমূহে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পদসৃজন প্রক্রিয়ার জন্যই এসব পঠিত বিষয় অনুমোদনের অনুলিপি প্রয়োজন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উচ্চমাধ্যমিক পর্যায়ের বিষয়গুলোর ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত বিষয়ের অনুলিপি জমা দিতে হবে। এছাড়া ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের পঠিত বিষয়গুলোর ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক দেওয়া অনুমোদনের কপি জমা দিতে হবে।
আদেশে বলা হয়, আগামী ৮ নভেম্বরের মধ্যে সব সরকারি কলেজকে অনুমোদিত বিষয়ের অনুলিপির হার্ডকপি শিক্ষা ভবনে পাঠাতে হবে। কাগজপত্রগুলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এইচআরএম শাখার উপপরিচালক (কক্ষ নম্বর-৫৩০), ঢাকা বরাবর পাঠাতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।





