যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় ভারমন্ট রাজ্যে স্থানীয় সময় ভোর পাঁচটায় ভোটকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে বলে বিবিসির লাইভ প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। রাজ্যটিতে নির্বাচনের আগে ইতোমধ্যে ৩০ শতাংশ ভোটার অগ্রিম ভোট দিয়েছেন।
বিবিসি জানিয়েছে, পূর্ব উপকূলীয় রাজ্যগুলোতেও ঘণ্টা খানেকের মধ্যে ভোটগ্রহণ শুরু হবে, যার মধ্যে নিউ ইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া এবং মেইন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ওহিও এবং নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ভোটগ্রহণ শুরু হবে। এরপর গুরুত্বপূর্ণ মিশিগানের ভোটাররা সকাল সাতটা থেকে ভোট দিতে পারবেন।
ভোটগ্রহণের পাশাপাশি বিভিন্ন রাজ্যে ভোট বন্ধ হওয়ার সময়সূচীও নির্ধারিত রয়েছে। ইন্ডিয়ানা এবং কেন্টাকি অঙ্গরাজ্যে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সর্বপ্রথম ভোটগ্রহণ বন্ধ হবে। এছাড়া কানসাসে সন্ধ্যা ৭টায় এবং মিশিগানে রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হবে।
সিএনএনের লাইভ প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই প্রাথমিক ফলাফল আসা শুরু করবে। মঙ্গলবার সন্ধ্যাজুড়ে এবং অনেক রাজ্যে বুধবার পর্যন্ত ভোটের চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করতে হবে। এবারের এই মধ্যবর্তী নির্বাচনে ২৩ কোটির বেশি যোগ্য ভোটার অংশ নিচ্ছেন।
নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সকল ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনে ভোট হচ্ছে। এছাড়া ৩৬টি রাজ্যে ভোটাররা গভর্নর নির্বাচিত করার জন্য ভোট দিচ্ছেন।





