নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে অবতরণের প্রস্তুতির সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে এক ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার বেস ক্যাম্প এলাকায় ঘটা এই দুর্ঘটনায় নিউজিল্যান্ডের এক নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
সোলুখুম্বু জেলার প্রধান জেলা কর্মকর্তা কামান সিং থাপা মাগার আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সকে জানান, এভারেস্টের বেস ক্যাম্প সংলগ্ন এলাকায় দুটি হেলিকপ্টারের মধ্যে এই সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর আহত নিউজিল্যান্ডের পর্যটককে উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত আকাশযান দুটি পরিচালনা করছিল নেপালের দুটি বেসরকারি প্রতিষ্ঠান ফিশটেইল এয়ার ও ডাইনেস্টি এয়ার। ফিশটেইল এয়ারের এক বিবৃতিতে জানানো হয়, তাদের হেলিকপ্টারটি এভারেস্ট এলাকা থেকে উদ্ধার করা কয়েকজন যাত্রীকে নিয়ে অবতরণ করছিল। ওই কপ্টারে থাকা ভারতীয় ও নিউজিল্যান্ডের নাগরিক উভয়েই পর্যটক হিসেবে সেখানে গিয়েছিলেন।
অপরদিকে ডাইনেস্টি এয়ারের এক কর্মকর্তা জানান, তাদের হেলিকপ্টারে কোনো যাত্রী ছিলেন না, সেটি শুধু পণ্য পরিবহনের কাজে নিয়োজিত ছিল। নেপালে বর্তমানে ট্রেকিংয়ের ভরা মৌসুম চলায় পর্বতারোহী ও পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে এভারেস্ট অঞ্চলে প্রতিনিয়ত হেলিকপ্টার চলাচল করে। এমন ব্যস্ত ও মুখরিত মৌসুমের মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটল।





