মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত, নতুন তারিখ এখনো অনির্ধারিত

Published: November 4, 2026, 11:16 am

২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সেই তারিখে পরীক্ষাটি আর হচ্ছে না। তবে পরীক্ষার নতুন তারিখ কবে হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন। তিনি জানান, পূর্বনির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণের বিষয়টি এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

এ বিষয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমান সুযোগ পাবেন কি না, তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি আরও জানান যে, মেডিকেল ভর্তি নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি। নীতিমালা চূড়ান্ত হওয়ার পরই ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh