তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

Published: October 31, 2026, 11:40 am

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ৪ দিনের রিমান্ডে পেয়েছে নৌ পুলিশ। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ প্রদান করেন।

এর আগে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। বেলা সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করা হয় এবং তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। পরবর্তীতে বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে তাকে এজলাসে তোলা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজধানীর উত্তরখান থানায় তাহসিফ সাউরির ভাসমান লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় তাহসিফ উত্তরার বাসা থেকে বের হয়েছিলেন। এরপর রাত ১টা ৩৫ মিনিটে তিনি তার মাকে মোবাইল ফোনে মেসেজ দিয়ে জানিয়েছিলেন যে, তিনি বাসায় ফিরছেন। কিন্তু এরপর আর তিনি বাসায় ফিরে আসেননি। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ। তার সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পুলিশ তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin