জনগণের মুক্তির লড়াইয়ে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে ড. শফিকুর রহমান

Published: October 31, 2026, 7:43 am

১১ দলীয় জোটের অন্যতম শরিক এবং জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান বলেছেন, বর্তমান লড়াইটি আঠারো কোটি মানুষের মুক্তির লড়াই। শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা পৌরভবনের সামনে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়া অভিমুখে লংমার্চের অংশ হিসেবে তিনি এই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বক্তব্যে ড. শফিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। তিনি বলেন, আন্দোলনে নিহত ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। এছাড়া দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাষ্ট্রীয় প্রশাসন ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় হস্তক্ষেপ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও ভূমি দখল রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। জনজীবনে স্বস্তি ফেরাতে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারের সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের ওপরও তিনি জোর দেন।

পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, 'এই লড়াইয়ে আপনারা আমাদের সাথে আছেন তো?' এ সময় উপস্থিত জনতা হাত নাড়িয়ে তাকে সমর্থন জানান। তিনি আরও বলেন, 'আগামীর বাংলাদেশ আমরা গড়ব, একটি দুর্নীতিমুক্ত ও মুক্ত বাংলাদেশ গড়ব।'

সড়কের ওপর তিন মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তার সফরসঙ্গী হিসেবে সহস্রাধিক গাড়ির বহরে হাজার হাজার নেতাকর্মী পতাকা হাতে অংশ নেন। লংমার্চকে স্বাগত জানাতে ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী-পুরুষ রাস্তার দুই পাশে ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান নেন। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। লংমার্চের এই কর্মসূচিতে ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদর উদ্দিন আহমেদ এবং ভাঙ্গা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সারোয়ার হোসেন নেতৃত্ব দেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy