স্থানীয় নির্বাচনে এনসিপিকে বিজয়ী করতে হবে: আসিফ মাহমুদ

Published: October 30, 2026, 2:10 pm

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বিজয়ী করার লক্ষ্যে দলের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক গণবিক্ষোভ কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে, যেখানে চার দফা দাবি উত্থাপন করা হয়।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণ গ্যাস, তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি করা বর্তমান সরকারের পক্ষে ভোট দেবে, নাকি জনগণের প্রকৃত প্রতিনিধিদের নির্বাচিত করবে—তা স্পষ্ট হয়ে উঠবে। তিনি বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, যারা রাড্ডার মতো ক্লিনিক গুড়িয়ে দিয়েছে, যাদের শাসনামলে চাঁদাবাজির মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং ফুটপাতও যাদের হাত থেকে রক্ষা পায়নি, জনগণ কি তাদের ভোট দেবে? নাকি এখানে দাঁড়িয়ে থাকা জনগণের প্রকৃত প্রতিনিধিদের নির্বাচিত করবে?

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদের সবাইকে আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিচ্ছি। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে জাতীয় নাগরিক পার্টির দুর্গ গড়ে তুলতে হবে এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে বিজয়ী করতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh