জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত পাঁচজন আসামির পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বার কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার কাউন্সিলের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং সাংবাদিক ফারজানা রূপার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন অনুমোদন পায়নি।
বার কাউন্সিল জানিয়েছে, কোনো বিদেশি আইনজীবী মামলা পরিচালনার সময় পেশাগত অসদাচরণ করলে তাকে জবাবদিহির আওতায় আনার বা ব্যবস্থা নেওয়ার মতো কোনো বিধান তাদের আইনে নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিদেশি আইনজীবীদের বাংলাদেশের আদালতে সরাসরি লড়াই করার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আসামিপক্ষের দেশি আইনজীবীদের পরামর্শক হিসেবে বিদেশি আইনজীবীরা সহযোগিতা করতে পারবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য যে, এর আগে সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াইয়ের জন্য যুক্তরাজ্যের আইনজীবী গ্রায়েম এল হল আবেদন করেছিলেন। গত ১৪ আগস্ট তিনি বার কাউন্সিলের সচিবের কাছে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার বিধান উল্লেখ করে এই আবেদন জমা দেন। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের এই আইনজীবীর আবেদনটি বার কাউন্সিল ২৪ আগস্ট গ্রহণ করেছিল। বিষয়টি গত ৩০ আগস্ট নিশ্চিত করেছিলেন আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।





