৭ দফা দাবিতে খুলনা অভিমুখে ১১ দলের লংমার্চ শুরু

Published: October 31, 2026, 2:57 am

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধসহ মোট ৭ দফা দাবিতে খুলনা অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে এই লংমার্চের যাত্রা শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে সেখানে একটি উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

আয়োজকদের প্রত্যাশা অনুযায়ী, ঢাকা থেকে যাত্রা শুরু করে শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা (ফরিদপুর), গোপালগঞ্জ, বাগেরহাটের ফকিরহাট ও রূপসা ব্রিজ হয়ে এই লংমার্চের বহর খুলনায় পৌঁছাবে। এরপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে গিয়ে শেষ হবে। ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এই কর্মসূচিতে দেড় হাজার গাড়ি অংশ নেবে বলে আশা করছেন আয়োজকরা।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, লংমার্চের পথে কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল ৯টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবা, সকাল ১১টায় বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়, দুপুর সাড়ে ১২টায় খুলনা মহানগরীর বাবরী চত্বর এবং দুপুর ২টায় ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে পথসভা হওয়ার কথা রয়েছে। এছাড়া বিকাল সাড়ে ৩টায় যশোরের মুড়লীর মোড় এবং বিকাল ৫টায় ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত সমাপনী জনসভায় অংশগ্রহণকারীরা যোগ দেবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin