ইরান-যুক্তরাষ্ট্র সংকট নিরসনে সতর্ক আশাবাদী পাকিস্তান সেনাবাহিনী

Published: October 31, 2026, 3:45 am

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে মধ্যস্থতার প্রচেষ্টা নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে পাকিস্তান সেনাবাহিনী। শুক্রবার দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এই বিষয়ে আলোকপাত করেন। চলতি সপ্তাহের শুরুতে একটি উচ্চপর্যায়ের আঞ্চলিক প্রতিনিধিদলের তেহরান সফরের পর এই প্রথম কোনো আনুষ্ঠানিক মন্তব্য এল।

আট মাস ধরে চলমান এই সংঘাত অবসানে ইসলামাবাদের কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এই কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে তিনি অক্টোবর মাসে দুবার তেহরান সফর করেছেন। সর্বশেষ গত সোমবার তিনি সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে ইরান সফর করেন।

পাকিস্তানের সেনাপ্রধানের এই ঘনঘন সফরগুলো কোনো ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত কি না—এমন প্রশ্নের জবাবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, যদি কোনো ইতিবাচক অগ্রগতি না-ই থাকত, তবে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যেতেন? তাই নিঃসন্দেহে এটি একটি ইতিবাচক দিক।

তবে তিনি সতর্কতার সাথে বিষয়টি ব্যাখ্যা করে বলেন, আমরা সব সময়ই 'সতর্ক আশাবাদী' শব্দটি ব্যবহার করি। আহমেদ শরিফ আরও উল্লেখ করেন, এখনো কিছু শক্তিশালী পক্ষ ও বিরোধী গোষ্ঠী রয়েছে যারা মনে করে এই সংঘাত তাদের স্বার্থ পূরণে সহায়ক। তবে তিনি নির্দিষ্ট করে কোনো পক্ষ বা গোষ্ঠীর নাম উল্লেখ করেননি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin