যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হক। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত ব্যাংকের ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। চেয়ারম্যান পদে আসীন হওয়ার ঠিক আগে তিনি পর্ষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন।
মো. মাহমুদুল হক যমুনা ব্যাংক পিএলসির অন্যতম স্পন্সর পরিচালক। এর আগে ২০১২ সালেও তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ব্যবসায়িক খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন এই উদ্যোক্তার মূল কাজের ক্ষেত্র বিস্তৃত রয়েছে তৈরি পোশাক ও বস্ত্র খাত, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা এবং আবাসন খাতে।
ব্যাংকের পর্ষদ জানিয়েছে, তাঁর এই পুনঃনির্বাচন দেশের আর্থিক খাত ও সার্বিক শিল্প-ব্যবসা ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং নেতৃত্বের ওপর পরিচালনা পর্ষদের অবিচল আস্থারই প্রতিফলন। মাহমুদুল হক ১৯৯৪ সালে ‘আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড’ প্রতিষ্ঠা করেন, যা দেশের উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি। তাঁর দূরদর্শী নেতৃত্বে আনলিমা গ্রুপের সবকটি অঙ্গপ্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তিনি করপোরেট সামাজিক দায়বদ্ধতা পালন ও বিভিন্ন দাতব্য সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিকা রাখছেন। চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী মাহমুদুল হক বিশ্বজুড়ে ভ্রমণের অনুরাগী এবং তিনি বিশ্বের অধিকাংশ দেশ সফর করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্রসন্তানের জনক। তাঁর স্ত্রী হুব্বুন নাহার হক যমুনা ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার এবং তাঁদের দুই সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে সফলভাবে প্রতিষ্ঠিত।





