সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী এলাকার মোল্লার মোড়ে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় শামীমা নাসরিন নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে বাবার বাড়ি থেকে মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমা নাসরিনের স্বামী আব্দুল মজিদ মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। পথিমধ্যে মোল্যা বাড়ির মোড়ে মোটরসাইকেলটি বাম দিকে ঘোরানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান শামীমা নাসরিন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত আব্দুল মজিদকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করেছেন। ঘটনার পরপরই ট্রাকচালক দ্রুত পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করেছে। জব্দকৃত ট্রাকটি বর্তমানে বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় রয়েছে। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





