সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং ইউএস বাংলা এয়ারলাইনস তাদের রিয়াদগামী ফ্লাইটের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে। সোমবার উভয় এয়ারলাইনসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ জানিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান পরিস্থিতির কারণে ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এই স্থগিতাদেশ বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী কার্যকর হবে। ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হবে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে সম্মানিত যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে বিমান কর্তৃপক্ষ।
অন্যদিকে, ইউএস বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যস্থাপক কামরুল ইসলাম জানিয়েছেন, আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ইউএস বাংলার সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।





