২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

Published: October 12, 2026, 2:56 pm

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে সম্ভাব্য একটি দিনে ফল প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো। তবে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সম্মতি মেলার পরই চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

সোমবার (১২ অক্টোবর) ফল প্রকাশের এই সম্ভাবনার কথা জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি-২০২৬ ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সবুজ সংকেত পাওয়া গেলেই প্রকাশের নির্দিষ্ট দিন ঠিক করা হবে।

উল্লেখ্য, এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে শেষ হয়েছিল ৮ আগস্ট। পূর্বপরিকল্পনা অনুযায়ী ১৫ আগস্টের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একাধিক লিখিত পরীক্ষা নির্ধারিত সূচিতে গ্রহণ করা সম্ভব হয়নি। স্থগিত পরীক্ষাগুলো পরে নেওয়ার পর গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বোর্ডের লিখিত পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

এ বছর সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের জন্য সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা বিচারে শীর্ষে ছিল ঢাকা বোর্ড। এ বোর্ডের ৩১০টি কেন্দ্রে অংশ নেন ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী। অন্য সাধারণ বোর্ডগুলোর মধ্যে রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোর বোর্ডে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রাম বোর্ডে ৯৯ হাজার ৬৮৮ জন এবং কুমিল্লা বোর্ডে ৯৪ হাজার ৮০২ জন শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া ময়মনসিংহ বোর্ডে ৭৩ হাজার ৩৭ জন, সিলেট বোর্ডে ৭১ হাজার ৭১১ জন ও বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নেন।

অন্য দুটি বোর্ডের মধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin