হলি ক্রস বালিকা উচ্চবিদ্যালয়ে ২০২৭ সালে দিবা শাখায় নবম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের অভিভাবককে বিদ্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ফরম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ অক্টোবর এবং আগামী ১ নভেম্বর ২০২৬। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে ফরম সংগ্রহ করা যাবে।
ভর্তির ক্ষেত্রে প্রার্থীকে ১ জানুয়ারি ২০২৭ তারিখে ১৩ থেকে ১৪ বছর বয়সী হতে হবে। এছাড়া ২০২৬ সালের অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকের বিষয়বস্তু সম্পর্কে প্রার্থীর যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক। আবেদন ফরমের মূল্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা অফেরতযোগ্য। ফরম সংগ্রহের সময় সঠিক পরিমাণ টাকা সঙ্গে আনতে হবে, কারণ কোনো ভাংতি দেওয়া সম্ভব হবে না। উল্লেখ্য, আবেদন ফরমটি অবশ্যই ছাত্রীকে নিজ হাতে পূরণ করতে হবে এবং পিতা অথবা মাতা যেকোনো একজনকে ফরম সংগ্রহের জন্য আসতে হবে।
পূরণ করা ফরম জমা ও প্রার্থী বাছাই কার্যক্রম ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ১২টা ৩০ মিনিটে উপস্থিত হতে হবে এবং বাছাই প্রক্রিয়া দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে। বাছাইয়ের বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়।
ফরম জমার সময় প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে জন্মনিবন্ধন সনদের ডিজিটাল রঙিন কপি, প্রার্থীর ২০২৬ সালের স্কুল ড্রেস পরা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি, এবং পিতা-মাতার এনআইডির একই পৃষ্ঠায় ফটোকপি জমা দিতে হবে। এছাড়া প্রার্থীর নিজ বিদ্যালয়ের প্রত্যয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। খ্রিষ্টান প্রার্থীদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের ডিজিটাল রঙিন কপির পাশাপাশি বাপ্তিস্ম সার্টিফিকেটের অরিজিনাল কপিও জমা দিতে হবে।
ভর্তি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদ গ্রহণ করবে এবং ফলাফল বিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে। ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর অভিভাবক বিদ্যালয়ের প্রচলিত নিয়মকানুন মেনে চলতে সম্মত বলে বিবেচিত হবেন। বিস্তারিত তথ্যের জন্য বিদ্যালয়ের ওয়েবসাইট অনুসরণ করা যেতে পারে।





