সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই। সোমবার দুপুরে রাজধানীর বনানীতে অবস্থিত নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী আনান সিদ্দিকা।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে রুশনাফ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার শ্বাসকষ্টজনিত জটিলতাও ছিল। শারীরিক অসুস্থতার কারণে নানা কষ্টে থাকলেও তিনি মাঝেমধ্যে গান চর্চা করতেন।
সংগীত অঙ্গনে রুশনাফ ওয়াদুদ মূলত ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিতি পান। পরবর্তী সময়ে তিনি দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও কাজ করেছেন। এই ব্যান্ডের ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গান দুটি শ্রোতাদের মধ্যে বিশেষ পরিচিতি পেয়েছে। এছাড়া আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’-এ ‘নগণ্য মানুষ’ শিরোনামের গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি। গানের পাশাপাশি গীতিকার হিসেবেও তিনি প্রশংসা কুড়িয়েছেন।
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন রুশনাফ। ২০১৯ সালে মুক্তি পাওয়া প্রশংসিত অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’-তে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।





